ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বদলে নাগরিক অধিকার কমিটি
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ইতি টেনে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। এর বদলে এখানকার লোকজনের অধিকার আদায়ে গঠিত হয়েছে নাগরিক অধিকার সমন্বয় কমিটি। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
গতকাল দুপুরে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বিলুপ্ত ও নাগরিক অধিকার সমন্বয় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-ঠাকুরগাঁও সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান। এ সময় বক্তব্য দেন বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সভাপতি মঈনুল হক প্রমুখ। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা ছিটমহল আন্দোলনে যাঁরা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার আহ্বান জানান। পরে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যের একটি নাগরিক অধিকার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে মঈনুল হককে আহ্বায়ক, গোলাম মোস্তফা ও মফিজার রহমানকে যুগ্ম আহ্বায়ক, আব্রাহাম লিংকনকে সমন্বয়ক করা হয়।
এদিকে বাংলাদেশ থেকে যাঁরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাঁদের জন্য নাজিরগঞ্জের জয়প্রকাশ রায়কে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে সদ্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জীবন ও জমির নিরাপত্তা, চাকরির ক্ষেত্রে কোটা, কর্মসৃজন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়নে জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণে আট দফা দাবি তুলে ধরা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় ছিটমহল বিনিময় ছাত্র আন্দোলনের কমিটিও ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এ এস এম ইউনুস।
পঞ্চগড়ের কোটভাজনী ছিটমহল থেকে ১৯৭২ সালে ছিটমহল বিনিময় আন্দোলন শুরু হয়। এই ছিটমহলের বিমল চক্রবর্তী, আবদুর রহমান বসুনিয়াসহ অনেকেই প্রথমবারের মতো ছিটমহলবাসীদের নাগরিকত্বের দাবি তোলেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের আন্দোলন এগোয়নি। ১৯৯৬ সালে কোচবিহারের দীপক সেন ও অমর পালের নেতৃত্বে নতুন করে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি করে আন্দোলন শুরু হয়। ২০০৯ সালের অক্টোবরে দীপক সেনের মৃত্যুর পর এই আন্দোলনের হাল ধরেন দীপক সেনের ছেলে দীপ্তিমান সেনগুপ্ত। ২০১২ সালে ঢাকায় ছিটমহল গবেষক এস এম ইউনুসের নেতৃত্বে শুরু হয় ছিটমহল বিনিময় ছাত্র আন্দোলন।