ছিটমহল বিনিময়ের কাজ সুষ্ঠুভাবে চলছে
স্থলসীমান্ত চুক্তি কার্যকর করার কাজ কতটা সুষ্ঠুভাবে হচ্ছে, তা খতিয়ে দেখতে বাংলাদেশ-ভারত যুগ্ম সীমান্ত ওয়ার্কিং গ্রুপ আগামী সপ্তাহে আবার বৈঠকে বসছে। সরকারি সূত্রের খবর, এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত অনিয়ম ও জোর-জবরদস্তির কোনো অভিযোগ গণনাকারী দল অথবা সরকারের কাছে আসেনি। ছিটমহলের অধিবাসীদের কে কোন দেশের নাগরিক হতে চান, আজ বৃহস্পতিবারের মধ্যে দুই দেশের যুগ্ম গণনাকারী দলগুলোর কাছে তা জানাতে হবে। এই তারিখ আর বাড়ানো হবে না।
দুই দেশের সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত মোট ৭৫টি দল দুই দেশের ছিটমহলগুলোতে দশ দিন ধরে গণনার কাজ করছে। ৫০টি দল রয়েছে বাংলাদেশে ভারতীয় ছিটমহলে, ২৫টি ভারতে বাংলাদেশের ছিটমহলে। কে কোন দেশের নাগরিক হতে চান, সেই ইচ্ছা প্রকাশের পরই যুগ্ম ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে। ২২ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত কোনো ছিটমহলেই জমি কেনাবেচা চলবে না। এই নির্দেশ কড়াভাবে মেনে চলতে প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু কোচবিহারের জেলা শাসককে।
ছিটমহলের মানুষদের বিনিময় শেষ হবে ৩০ নভেম্বর। তারপরই নাগরিকত্বের বিষয়টি সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। নাগরিকত্বের পরিচয়পত্র-সম্পর্কিত বিষয়গুলোও, যেমন রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, তারপর দেওয়া হবে। সূত্র জানায়, পুনর্বাসনের চরিত্র কী রকম হবে, কার ক্ষতি কতটা এবং কীভাবে পূরণ করা হবে, তা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের দায়িত্ব। তবে প্রয়োজনীয় অর্থ দেবে কেন্দ্র। অবশ্য পুনর্বাসনের কাজ তদারকও কেন্দ্র করবে। সূত্র অনুযায়ী, বর্ষা কেটে গেলেই ছিটমহলের বাসিন্দাদের জন্য শিবির তৈরি
করা হবে।
দুই দেশের ছিটমহলগুলোর মোট বাসিন্দাদের কারা কোন দেশের নাগরিকত্ব পেতে আগ্রহী, তার কোনো আন্দাজ সূত্র দিতে পারেনি। যুগ্ম সীমান্ত ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সেই হিসাব পাওয়া যাবে। ২০১১ সালে তৈরি হিসাবকে ভিত্তি করা হয়েছে। তবে জন্ম, মৃত্যু ও বিয়ের ফলে সেই তালিকায় কিছুটা পরিবর্তন হবে।