ছিটমহল বিনিময় ও তিস্তার পানি চুক্তি বাস্তবায়ন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানিবণ্টন এবং ছিটমহল বিনিময় চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লক। গতকাল সোমবার বিকেলে কলকাতায় দলটির রাজ্য কার্যালয় হেমন্ত বসু ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, দলের তিন দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। রোববার কেন্দ্রীয় কমিটির ওই বৈঠক শেষ হয়।
ফরোয়ার্ড ব্লকের নেতা বলেন, ছিটমহল ও তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিয়েছেন, তাতে বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলো উৎসাহিত হচ্ছে। তিনি মমতার ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, মা-মাটি-মানুষের নেত্রী হয়তো ভুলে গেছেন, ছিটমহলে কীভাবে দুই দেশের ৫১ হাজার মানুষ চরম দুর্দশার মধ্যে দিন যাপন করছেন। তাদের ভোটাধিকার নেই, নেই রেশন কার্ড ও নাগরিকত্বের সনদ। তাঁরা পরগাছা হিসেবে দুর্বিষহ জীবন যাপন করছেন।