‘চারদিকে ভারত। কাজকর্ম, চাষাবাদ, স্কুল-কলেজ সবই ভারতে। বাংলাদেশ এখান থেকে অনেক দূরে। অথচ আমরা বাংলাদেশের অংশ। তার পরও বাংলাদেশ সরকার আমাদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না। সুযোগ-সুবিধা দিচ্ছে না ভারত সরকারও। আমরা কোন দেশের নাগরিক, তা আমরা জানি না।’ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ভূখণ্ডের ভেতরে বাংলাদেশের মশালডাঙ্গা ছিটমহলের লোকজনের কথা এগুলো।ভারতের ভূখণ্ডের মধ্যে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল। বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে ভারতের ছিটমহল ১১১টি। এই ১৬২টি ছিটমহলে লোকগণনা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। দুই দেশ যৌথভাবে এ কাজ করছে।গতকাল শনিবার দুপুরে মশালডাঙ্গা ছিটমহলে গিয়ে কথা হয় সেখানকার মানুষের সঙ্গে। তাঁরা তুলে ধরেন তাঁদের দুঃখকষ্টের কথা।ছিটমহলবাসী মো. তালেব আলী, তোজাম্মেল হক, আবদুল আজিজ, মকবুল হোসেন, বেল্লাল হোসেন, আবুল শেখ, চিন্তেশ্বর বর্মণ ও ননীবালা বর্মণ বলেন, ‘আমরা জমি বেচতে পারি না। আমরা ট্যাক্স-খাজনা দিই না। ভারত সরকার যেমন আমাদের সাহায্য করেনি, তেমনি করে না বাংলাদেশ সরকারও। আমরা ভারতের বুকে পরগাছা হিসেবে বেঁচে আছি। তাই আমরা বেঁচে থাকার জন্য একটি দেশের নাগরিকত্ব চাই।ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘ছিটমহলবাসীর বাঁচার একটি পথই—তা হলো ছিটমহল বিনিময়। সে লক্ষ্যে আমরা আন্দোলন করব।’