লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডর এলাকায় কঁাটাতারের উভয় পাশে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ছিটমহলবাসী যৌথ সমাবেশ করেছেন।
বেলা তিনটার দিকে কাঁটাতারের উভয় পাশে ছিটমহলবাসী অবস্থান নিয়ে তাঁদের অধিকার আদায়ে নানা স্লোগান দেন৷ তাঁরা দুই দেশের সরকারের কাছে ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, চুক্তি বাস্তবায়ন করা না হলে উভয় দেশের সর্বোচ্চ আদালতসহ আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়া হবে৷ পাশাপাশি আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে৷
তিনি আরও বলেন, ‘ভারত-বাংলাদেশের সরকারগুলো দীর্ঘ ৬৭ বছর ধরে ১৬২টি ছিটমহল নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের এই খেলা বন্ধ করতে হবে। অবিলম্বে ছিটমহল বিনিময় করতে হবে। ছিটমহলের প্রত্যেকটি মানুষ সমস্যার সমাধান চায়। পশ্চিমবঙ্গের সরকারও সমাধান চায়। তাহলে কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে কেন? আমরা সরকারকে এক বছর সময় দিচ্ছি।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এর মধ্যে সমাধান না হলে সুপ্রিম কোর্টে যাবে ছিটমহলের অধিবাসীরা। প্রয়োজনে ঘটিবাটি বিক্রি করে হলেও আন্তর্জাতিক আদালতে যাব।’
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আইন উপদেষ্টা আহসান হাবীব বলেন, ‘পৃথিবীর প্রথম সারির গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে ভারতবর্ষ অন্যতম। অথচ আজ ভারত সংবিধানের ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে দেশ পরিচালনা করছে।
তিনি বলেন, আমরা সংবিধান মানি, লঙ্ঘন মানি না। তাই অবিলম্বে সংবিধান সংশোধন করে উভয় দেশের ১৬২ ছিটমহলের ৫১ হাজার ৫৯০ জন নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। ছিটমহল বিনিময়ের জন্য জমি সমস্যা হতে পারে না।’
এ সময় আরও বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ কয়েকজন৷