ছিটমহল বিনিময় দিবস পালিত
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করলেন বাসিন্দারা। মোমবাতি প্রজ্বালন করে, কেক কেটে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গেয়ে দিবসটির সূচনা করেন কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীর ১১১টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রামের দাসিয়ারছড়ার কামালপুর দেবিরপাঠ মসজিদ মাঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দেবেন্দ্র নাথ ঊরাঁও, ছিটমহল আন্দোলনের নেতা মইনুল হক, গোলাম মোস্তফা, আলতাফ হোসেনসহ কয়ক শ নারী-পুরুষ। জাতীয় পতাকা উত্তোলন শেষে মাদক, সন্ত্রাস, জঙ্গি ও মৌলবাদবিরোধী শপথবাক্য পাঠ করান ছিটমহল আন্দোলনের নেতা মো. মইনুল হক।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘৬৮ বছরের বন্দী জীবনের অবসান ঘটিয়ে দুই বছর আগে বিলুপ্ত হওয়া ছিটমহলগুলোতে ব্যাপক উন্নয়ন হওয়ায় আমরা সবাই খুশি।’ প্রতিবছর এই দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করতে মধ্যরাতে মোমবাতি প্রজ্বালনসহ ১ আগস্ট দিনভর নানা কর্মসূচির কথা জানান তিনি। তবে দেশের অভ্যন্তরের সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহলকে ইউনিয়ন করার দাবি জানান তিনি।
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিলুপ্ত হয় বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল। অবসান হয় ছিটবাসীদের ৬৮ বছরের বন্দী জীবনের। তারপর থেকেই ছিটবাসীর জীবনমান উন্নয়নে রাস্তাঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সরকারের নেওয়া নানা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়।
গতকাল দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দয়ালেরটারী বাঁশকাটা নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, ‘বিলুপ্ত ছিটমহলবাসীরা যা চেয়েছেন তার চেয়েও অনেক বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছেন। গত দুই বছরে বিলুপ্ত ছিটমহলগুলোর উন্নয়নে আর্থসামাজিক দৃশ্যপট পাল্টে গেছে। আপনাদের কর্মসংস্থান তৈরি করা হবে। বিশেষ ব্যবস্থায় চাকরি বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী চিন্তাভাবনা করছেন।’
পাটগ্রামের জোংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান, ওসি অবনী শংকর প্রমুখ।
ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল বেলা ১১টায় পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের নাগরিকেরা আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পুটিমারি ছিটমহলের শহীদ মিনার থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদ্যাপন করেছেন নীলফামারীর ডিমলার বিলুপ্ত চারটি ছিটমহলের মানুষও। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে পশ্চিম খড়িবাড়ি শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। বেলা ১১টার দিকে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই গ্রামের ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত প্রাক্-প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে কুড়িগ্রাম অফিস, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারী প্রতিনিধি)