ছিটমহল বিনিময় নিয়ে কোনো কথা বললেন না মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে গিয়ে ছিটমহল বিনিময় নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি পাননি।পশ্চিমবঙ্গের ভূখণ্ডে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের মধ্যে কোচবিহার জেলায় রয়েছে ৪৭টি আর জলপাইগুড়ি জেলায় চারটি। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় ছিটমহল রয়েছে ১১১টি। এই ১৬২টি ছিটমহল বিনিময়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। তারা ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কাছে ছিটমহল বিনিময়ের দাবি তুলেছে। মমতা তিন দিনের সফরে গত মঙ্গলবার উত্তরবঙ্গ যান। থাকেন কোচবিহারের সার্কিট হাউসে। ওই দিন মমতার সঙ্গে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কর্মকর্তারা দেখা করতে চাইলেও তাঁদের সুযোগ দেওয়া হযনি। পরে কোচবিহারের জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বয় কমিটি মুখ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। গত বুধবার কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে এক জনসভায় মমতা শুধু বলেন, ‘ছিটমহল নিয়ে আমি এবার কোনো কথা বলব না। ভবিষ্যতে বলব।’সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্তের সঙ্গে গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে অনুমতি পাননি। শুনেছেন, মুখ্যমন্ত্রী ছিটমহল সম্পর্কে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে তথ্য চেয়েছেন।