ছিটমহল বিনিময়ের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়ন ও নাগরিকত্বের সুবিধার দাবিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেন। গতকাল দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আলতাফ হোসেন প্রমুখ। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পক্ষে গাড়াতী ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। গতকাল এক বিবৃতিতে সমন্বয় কমিটির ভারতীয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত ইন্দিরা-মুজিব চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদনও পাঠিয়েছেন।