ছিটমহল বিনিময়ের দাবিতে ভারতে নিষ্প্রদীপ কর্মসূচি
ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল বিনিময়ের দাবিতে ভারতে গতকাল সোমবার সাড়ে তিন ঘণ্টার নিষ্প্রদীপ কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবারও ছিটমহলবাসী একই কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।ভারতের অভ্যন্তরে বাংলাদেশের বিভিন্ন ছিটমহলের বাসিন্দারা গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ঘরে আলো না জ্বালিয়ে প্রতীকী আন্দোলনে শামিল হয়। এদিন ছিটমহলের হিন্দু বাসিন্দারা সন্ধ্যার প্রদীপ জ্বালায়নি। আর মুসলমানরা মাগরিবের নামাজের পর থেকে নিষ্প্রদীপ কর্মসূচি পালন করে।গতকাল প্রথম আলোকে এ কথা জানিয়েছেন ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত ও মধ্য মশালডাঙ্গার ছিটমহলবাসী মো. বেল্লাল হোসেন। তাঁরা বলেন, অবিলম্বে ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত উভয় দেশের ছিটমহল বিনিময়ের তারিখ ঘোষণা না হলে আগামী ২ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ৫১টি বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা একযোগে তীব্র আন্দোলন গড়ে তুলবে। ওই দিন থেকে কোচবিহারের শহীদবাগ ময়দানে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনও শুরু করবে ছিটমহলবাসী। একই আন্দোলন শুরু হবে বাংলাদেশেও।সমন্বয় কমিটি আবারও চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে অবিলম্বে প্রকাশ করার দাবি জানায়।