ছিটমহল বিনিময়ের সুর্নিদিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বাংলাদেশ ও ভারতের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দারা গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ঘোষিত ১০ দিনের কর্মসূচির শেষ দিনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়।পঞ্চগড়ের অভ্যন্তরে অবস্থিত ১২টি ছিটমহলের কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে দাবি আদায় না হলে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।পঞ্চগড় সদর উপজেলার অভ্যন্তরের গারাতি ছিটমহলের বাসিন্দাদের সমাবেশে বক্তব্য দেন ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিজার রহমান, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। শালবাড়ি ও কাজলদীঘি ছিটমহলে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ প্রমুখ।লালমনিরহাটের ৫৯টি ভারতীয় ছিটমহলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের লালমনিরহাট জেলার সমন্বয়কারী মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা গত শনিবার মশাল মিছিল আর গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়া দেবীর পাট এলাকায় সমাবেশ হয়। হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলবাড়ী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান প্রমুখ।ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের অভ্যন্তরে গাওচুলকা ছিটমহলে মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশ শেষে ছিটমহলবাসী বিক্ষোভ মিছিল বের করে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, পঞ্চগড়ের অভ্যন্তরে অবস্থিত কাজলদীঘিতে সিরাজুল ইসলাম, গারাতি ছিটমহলে মফিজার রহমান, পুঁটিমারীতে তসলিম উদ্দিন, লালমনিরহাটের বাঁশকাটায় রফিকুল ইসলাম, নীলফামারীর কোটভাজনীতে আলতাফুর রহমান, ভূরুঙ্গামারীর সাহেবগঞ্জে হাসেন আলী ও সেউটিকুরশা ছিটমহলে তারা মিয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।গতকাল সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ও কোচবিহারের বাংলাদেশি ছিটমহলগুলোতে শুরু হয় বিক্ষোভ মিছিল। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, পশ্চিমবঙ্গের দিনহাটা, মাথাভাঙ্গা এবং মেখলিগঞ্জ মহকুমা শহরে ছিটমহলবাসী তিনটি বড় সমাবেশ করে। দিনহাটা মহকুমার শহীদ কর্নার মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অরুণ কুমার বর্মণ। প্রধান অতিথির বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সভাপতি সাবেক এমপি জয়ন্ত রায়। এ ছাড়া মাথাভাঙ্গার সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সাধারণ সম্পাদক সাবেক এমএলএ সৌমেন দাস। মেখলিগঞ্জ মহকুমা শহরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা অরুণ কুমার।দীপ্তিমান সেনগুপ্ত জানান, ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী শুক্রবার তাঁরা বৈঠকে বসবেন। বৈঠকে পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করে কর্মসূচি ঘোষণা করা হবে।বাংলাদেশের ভূখণ্ডে রয়েছে ভারতের ১১১টি ছিটমহল। ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের ৪৭টি কোচবিহারে ও চারটি রয়েছে জলপাইগুড়িতে। ছিটমহল বিনিময়ের দাবিতে ১০ দিনব্যাপী আন্দোলন শুরু হয় গত ২৩ সেপ্টেম্বর।{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম এবং পঞ্চগড়, লালমনিরহাট ও কলকাতা প্রতিনিধি}