ছিটমহল স্বাধীন করতে একটি গুলিও খরচ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার বিচক্ষণতায় ছিটমহল স্বাধীন করতে এই দেশের একটি গুলিও খরচ হয়নি। যুদ্ধ ছাড়াও যে কাজ করা যায়, তা তিনি প্রমাণ করেছেন। কামান প্রস্তুত করতে হয়নি, সামরিক বাহিনীকে সমর প্রস্তুতিও নিতে হয়নি। প্রধানমন্ত্রীর জন্যই এসব সম্ভব হয়েছে। কারণ তাঁর মধ্যে দেশপ্রেম আছে।
আজ বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার গারাতি ছিটমহল জনগণনা কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে হেলিকপ্টারে করে তিনি সেখানে যান।
স্বরাষ্ট্রমন্ত্রী ছিটমহলবাসীদের উদ্দেশ করে বলেন, ‘আমি আপনাদের হাসি আনন্দটুকু নিয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে পৌঁছে দেব। আপনাদের চাইতে হবে না, যেখানে যা প্রয়োজন সেখানে তাই করা হবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চাইতে হয় না। আপনারা না চাইতেই ছিটমহল উন্নয়নের জন্য দুই শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। থানা, পুলিশ ফাঁড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল যা যা প্রয়োজন, সবই করা হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নূরুল ইসলাম, সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান।