ছিটমহল হস্তান্তর নিয়ে আপত্তি নেই মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ছিটমহল হস্তান্তর নিয়ে আপত্তি তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সঞ্জয় মিত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, রাজ্য সরকার চায় ৬৫ বছর ধরে ঝুলে থাকা বিষয়টির সমাধান হোক। খবর বাসসের।
ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময়ে নীতিগতভাবে কোনো আপত্তি নেই রাজ্য সরকারের। তবে ছিটমহলের যে অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা প্রণয়ন ও পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন। রাজ্য চায় সেই আর্থিক দায়িত্বের পুরোটাই যেন কেন্দ্রীয় সরকার নেয়।
ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরবঙ্গ সফরে গিয়ে আগামীকাল বৃহস্পতিবার কোচবিহারের জনসভায় রাজ্য সরকারের এই অবস্থান পরিবর্তনের কথা ঘোষণা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জনসভার জন্য ছিটমহল লাগোয়া কোনো মাঠ বাছাইয়ের নির্দেশ দিয়েছেন। তখনই স্পষ্ট হয়েছিল, জনসভায় ছিটমহল নিয়ে কোনো বড় কিছু ঘোষণা করতে চান মমতা। শেষ পর্যন্ত কোচবিহারের প্রত্যন্ত এলাকা ডাকুর হাটকে তাঁর জনসভার জন্য বেছে নেওয়া হয়েছে। এখানে তাঁর মঞ্চের ১৫০ মিটার পেছনেই বাংলাদেশি ছিটমহল করলা।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্থল সীমান্ত চুক্তির খসড়া অনুমোদিত হয়। তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি সুগত বসু ও মুমতাজ সংঘমিতা এত দিন বিরোধিতা করে এলেও এই বৈঠকে চুক্তির পক্ষেই সায় দেন। গত সোমবার ভারতের পার্লামেন্টে বিনা বাধায় রিপোর্টটি উত্থাপিত হয়েছে।
মমতা সরকারের এই অবস্থান পরিবর্তনকে স্বাগত জানিয়ে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা দীপ্তিমান সেনগুপ্ত জানান, স্থল সীমান্ত চুক্তি বিল সংসদে পাস হওয়াটা এখন সময়ের অপেক্ষা। আশার আলো দেখছেন দুদেশের ১৬২টি ছিটমহলের প্রায় ৫৬ হাজার অধিবাসী।