ছিটমহলজুড়ে খুশির হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুশির হাওয়া বইছে এখন ভারতীয় ভূখণ্ডে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলে। দুই দেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল এবার বিনিময় হতে চলেছে, এই বার্তা ছিটমহলে পৌঁছার সঙ্গে সঙ্গে এই আনন্দের শুরু।
ছিটমহল বিনিময়ের লক্ষ্যে ভারত সরকার এবার ভারতীয় সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। এর ফলেই বহু প্রতীক্ষিত ছিটমহল বিনিময় সম্ভব হবে।
ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ছিটমহলের অধিকাংশের অবস্থান পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। এখন এই ৫১টি ছিটমহলে ১৪ হাজার ২১৫ জন মানুষের বাস। এরা সুদীর্ঘকাল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তবুও তারা এখনো ছিটমহলে বেঁচে আছে নিজভূমে পরগাছা হয়ে। কাগজপত্রে তারা বাংলাদেশের নাগরিক হলেও নেই তাদের বাংলাদেশের নাগরিকত্ব-সংক্রান্ত কোনো কাগজপত্র।
কোচবিহারের বাংলাদেশি ছিটমহল নাজিরহাটের বাকালিরচরার বাসিন্দা গোবিন্দ চন্দ্র বর্মণ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে বাস করছি পরগাছা হয়ে। আমাদের নাগরিকত্ব নেই, রেশনকার্ড নেই, ভোটার পরিচয়পত্র নেই, তবুও আমরা বেঁচে আছি এখানের ভারতীয়দের সহযোগিতা ও সাহায্য নিয়ে। ছিটমহল বিনিময় হলে আমাদের দুঃখের দিন শেষ হবে। যন্ত্রণা কমবে। আমরা নাগরিকত্ব পাব।’
এই নাগরিকত্ব এবং পরবর্তী সময়ে দুই দেশে থাকা ১৬২টি ছিটমহল বিনিময়ের দাবি তুলে শুরু করে আন্দোলন। গড়া হয় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। সেদিন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন দিনহাটার বিধায়ক প্রয়াত দীপক সেনগুপ্ত। আজ দীপক সেনগুপ্ত নেই। কিন্তু আন্দোলন থামেনি।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সংসদে বিলটি পাস হলে বুঝব আমাদের লড়াইয়ের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি।’