ছিটমহলবাসী সুপ্রিম কোর্টে যাবে

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি ভারতীয় ইউনিটের সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, ‘ঈদ ও পূজার পর ছিটমহলবাসী সুপ্রিম কোর্টে যাচ্ছে। আইন আমাদের পক্ষে। ভারতের পশ্চিম বাংলার রাজ্য সরকার মমতা ব্যানার্জির পক্ষে একটিও আইন নাই। তারা নিজের কথা ছাড়া কারও কথা বিশ্বাস করে না।’
আজ মঙ্গলবার বেলা দুইটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত ছিট দাশিয়ার ছড়ার কালিরহাটে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে দীপ্তিমান সেনগুপ্ত এসব কথা বলেন।
দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘জয় আমাদের হবে। কারণ আইন আমাদের পক্ষে।’ তিনি আরও বলেন, ‘আমরা তথ্য জানার অধিকারের (রাইট টু ইনফরমেশন) ভিত্তিতে আইনি লড়াইয়ে যাচ্ছি। এ ছাড়া আমাদের সামনে পথ নাই। ঈদ এবং পূজার পর সুপ্রিম কোর্টে যাব। সে কারণে বাংলাদেশের ১১১টি ছিটমহলবাসীর সঙ্গে মতবিনিময় করতে এসেছি।’
সম্মেলনে দীপ্তিমান সেনগুপ্ত আরও জানান, এর আগে নানা ধরনের আন্দোলন কর্মসূচি পালনের পরও ভারতীয় পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি বিলটি উত্থাপন না হওয়ায় তাঁরা ইন্টারনেটের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করছেন। এর মধ্যে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির নামে ওয়েবসাইট খোলা হয়েছে। তাতে প্রচুর সাড়াও পাওয়া যাচ্ছে।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আইনি লড়াইয়ের পাশাপাশি জনমত তৈরি ও ছিটমহলবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য মতবিনিময় ও কর্মিসভা হচ্ছে। দু-এক দিনের মধ্যে আগামী দু-তিন মাসের জন্য আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
দাশিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিট সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহাম্মদ আলী, পঞ্চগড় জেলার সভাপতি মফিজার রহমান, লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, নীলফামারীর জেলার সাধারণ সম্পাদক তারা মিয়া।
সম্মেলনে বলা হয়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে প্রটোকল সইয়ের দুই বছর পরও ছিটমহল সমস্যার সমাধান না হওয়ায় ছিটমহলের বাসিন্দারা হতাশা প্রকাশ করে। তাঁরা বলেন, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।