ছিটমহলবাসীকে ভোটার করার সিদ্ধান্ত ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দাদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হচ্ছে। তিন বিঘা করিডর ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকায় এখন আর আঙ্গরপোতা ও দহগ্রামে ভোটার তালিকা করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। ইসি সচিবালয় সূত্র জানায়, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ জেলার বাংলাদেশের ছিটমহলের তালিকা কমিশনে পাঠিয়েছেন। কিন্তু এসব ছিটমহলের জনসংখ্যার হিসাব তাঁরা সরবরাহ করতে পারেননি। তিন জেলার জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলে জানা গেছে, ২০০১ এবং সর্বশেষ আদমশুমারিতে ছিটমহলবাসীকে জনগণনার আওতায় আনা হয়নি। তবে গত জুলাইয়ে বাংলাদেশ ও ভারতীয় কর্তৃপক্ষ যৌথভাবে জরিপ চালিয়ে মাথা গণনার মাধ্যমে ছিটমহলের জনসংখ্যা নিরূপণ করে। পঞ্চগড়ের জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া প্রথম আলোকে জানান, তাঁর জেলার ছিটমহলের জনসংখ্যা ১৯ হাজার ৯৬৪ জন। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব বিশ্বাস লুৎফর রহমান জানান, ছিটমহলবাসীকে ভোটার করার সঙ্গে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সমঝোতার বিষয়টি জড়িত। কারণ, তাদের ভোটার করতে হলে ভারতের ভূখণ্ড অতিক্রম করে যেতে হয়। সে জন্য ভারতীয় কর্তৃপক্ষের সম্মতির দরকার হবে। তাই এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য কমিশন চলতি সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে।