ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দাদের এবারও ভোটার করা হচ্ছে না। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে আট হাজারের বেশি লোক ভোটার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।নির্বাচন কমিশন গত ১০ মার্চ থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে। সে সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছিলেন, ছিটমহলবাসীদের ভোটার করার সঙ্গে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সমঝোতার বিষয়টি জড়িত। কারণ, তাঁদের ভোটার করতে হলে ভারতের ভূখণ্ড অতিক্রম করে যেতে হয়। সে জন্য ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি দরকার হবে। তাই এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে কমিশন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশন মার্চ মাসেই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ দুটি মন্ত্রণালয় কমিশনকে চিঠিতে জানিয়েছে, বর্তমানে ছিটমহল বিনিময় নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। এ অবস্থায় ছিটমহলবাসীদের ভোটার করার ব্যাপারে উদ্যোগ নেওয়া সম্ভব নয়।নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে, সেগুলো কমিশনের বৈঠকে পর্যালোচনা করে ছিটমহলবাসীদের আপাতত ভোটার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৯৯৭ সালের বাংলাদেশ-ভারতের যৌথ জরিপ অনুযায়ী, দুই দেশের বিনিময়যোগ্য ছিটমহলের সংখ্যা ১৬২টি। এর মধ্যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ৫১টি, যার মোট আয়তন সাত হাজার ১১০ একর। এসব ছিটমহলের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। এর মধ্যে ৪৭টি কোচবিহার এবং চারটি জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলের সংখ্যা ১১১টি। এগুলোর মোট আয়তন ১৭ হাজার ১৫৮ একর।গত বছর বাংলাদেশ এবং ভারতীয় কর্তৃপক্ষের যৌথভাবে পরিচালিত জনগণনার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ছিটমহলে জনসংখ্যা ১৪ হাজার। অন্যদিকে ভারতীয় ছিটমহলে জনসংখ্যা ৩৭ হাজার। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ছিটমহলের মোট জনসংখ্যার ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটারযোগ্য। এ হিসাবে ৫১টি ছিটমহলে ভোটারযোগ্য মানুষের সংখ্যা আট হাজারের বেশি হবে। ভোটার তালিকায় এবারও অন্তর্ভুক্ত না হওয়ায় তাঁরা ভোটাধিকার পাওয়া থেকে বঞ্চিত থাকবেন।সর্বশেষ ১৯৯০ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে আঙ্গরপোতা-দহগ্রামসহ কয়েকটি ছিটমহলের বাসিন্দাদের ভোটার করা হয়েছিল। এরপর ১৯৯৪, ২০০০ এবং ২০০৮ সালের ভোটার তালিকায় ছিটমহলবাসীকে ভোটার করা হয়নি। ২০১০ সালে হালনাগাদেও ছিটমহলবাসীদের ভোটার করা হয়নি। তবে করিডর ২৪ ঘণ্টা খোলা থাকায় এবার আঙ্গরপোতা ও দহগ্রামবাসীকে ভোটার করতে যেতে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি লাগবে না।