ছিটমহলবাসীর কর্মসূচি চলছেই আজ মশাল মিছিল
ছিটমহল বিনিময়ের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নাগরিকত্বের দাবিতে ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে অষ্টম দিনে গতকাল শুক্রবার ১৬২টি ছিটমহলে সাইকেল শোভাযাত্রা করেছেন ছিটমহলবাসী। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের অভ্যন্তরে ভারতীয় ১১১টি এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ির অভ্যন্তরে বাংলাদেশি ৫১টি ছিটমহলে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে আজ শনিবার সন্ধ্যায় ছিটমহলগুলোতে মশাল মিছিল হবে। গতকাল সকাল নয়টায় কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলের কালীরহাটে সাইকেল মিছিলের উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক। এ সময় দাসিয়ারছড়া ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মোজাফ্ফর হোসেন, আবদুল গনি প্রমুখ। পরে শত শত সাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গঙ্গারহাট হয়ে আট কিলোমিটার পেরিয়ে ফুলবাড়ী উপজেলা সদরে আসে। একইভাবে কুড়িগ্রামের ১২টি ভারতীয় ছিটের মানুষ সাইকেল মিছিল নিয়ে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলা সদরে গিয়ে প্রচারাভিযান চালায়। পঞ্চগড় সদর উপজেলার গারাতি ছিটমহলে গতকাল সকালে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান দক্ষিণ টোকাপাড়ায় সাইকেল মিছিলের উদ্বোধন করেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, পঞ্চগড়ের ১২টি ছিটমহলের প্রায় ২০ হাজার লোক সাইকেল মিছিলে অংশ নেন। গোলাম মোস্তফা বলেন, পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের মধ্যে মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গারাতি ছিটমহলে। সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সহসভাপতি ও পঞ্চগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ছাদাত এতে নেতৃত্ব দেন। লালমনিরহাটের ৫৯টি ছিটমহলের মধ্যে পাটগ্রামের পুটিমারী ছিটমহলে মিছিলের উদ্বোধন করেন মাজহারুল ইসলাম এবং নীলফামারীর চারটি ভারতীয় ছিটমহলের মধ্যে কোট ভাজনী ছিটমহলে সাইকেল মিছিলের উদ্বোধন করেন আলতাফুর রহমান। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, গতকাল সকালে উত্তর বাঁশজানি ছিটে মিলন বকসী, দক্ষিণ মশালডাঙ্গায় রাজু ভট্টাচার্য, মধ্য ছিট মশালডাঙ্গায় নওশের আলী, মধ্য বাকালিরছড়ায় গোবিন্দ্র চন্দ্র বর্মণ, ছিট প্রসাদ মুস্তফিতে ঈশ্বর চন্দ্র বর্মণ, ছিট করলায় নুর উদ্দিন মিয়া এবং মধ্য মশালডাঙ্গা ছিটমহলে বেলাল হোসেনের নেতৃত্বে সাইকেল শোভাযাত্রা প্রচারাভিযানে বের হয়।দীপ্তিমান সেনগুপ্ত আরও বলেছেন, প্রতিটি সাইকেলে ছিল ছিটমহল বিনিময়ের দাবি-সংবলিত প্ল্যাকার্ড। সকাল নয়টায় শুরু হয় এই মিছিল। শেষ হয় বেলা দুইটায়। গতকালের এই সাইকেল মিছিলের প্রতি একাত্মতা ঘোষণা করেছে এলাকার সাধারণ মানুষও। এ ছাড়া আগামীকাল রোববার সর্বত্র বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালিত হবে।