ছিটমহলবাসীর জন্য পশ্চিমবঙ্গে তৈরি হবে উপনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে যেসব ভারতীয় ছিটমহলবাসী পশ্চিমবঙ্গে ফিরে আসবে, তাদের পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও দিনহাটায় গড়া হবে উপনগর। কোচবিহারের জেলা প্রশাসনের সূত্রে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, এসব উপনগরে চারতলাবিশিষ্ট আবাসন ভবন তৈরি করা হবে। এসব ভবনে ৮০০-৯০০ বর্গফুটের ফ্ল্যাট তুলে দেওয়া হবে আগত ছিটমহলবাসীর প্রতিটি পরিবারকে।
এই উপনগরে থাকবে বিদ্যালয়, মহাবিদ্যালয়, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জলের সুবিধাসহ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা।
পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন এরই মধ্যে তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে পূর্ত দপ্তরের প্রধান প্রকৌশলী মলয় ঘোষ হলদিবাড়ি, মেখলিগঞ্জ, দিনহাটা পরিদর্শন করে উপনগর গড়ার সম্ভাব্য সব বিষয় খতিয়ে দেখেছেন। যদিও ইতিমধ্যে এই উপনগর গড়ার জন্য স্থান নির্বাচনও করা হয়েছে।
এই তিনটি এলাকায় ২৫৬টি ফ্ল্যাট তৈরি করা হবে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এর মধ্যে হলদিবাড়িতে ১২০টি ফ্ল্যাট, মেখলিগঞ্জে ৫০টি এবং দিনহাটায় ৮৬টি ফ্ল্যাট হবে। প্রধান প্রকৌশলী জানিয়েছেন, উপনগরের ধাঁচে তৈরি হবে এসব আবাসন।