ছিটমহলবাসীর নতুন আন্দোলন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলসীমান্ত চুক্তি বিল পাস না হওয়ায় ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ১৬২টি ছিটমহলের আন্দোলনকারীরা আবার নতুন কর্মসূচি আয়োজন করার ঘোষণা দেবেন। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্তের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে বিলটি পাস হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেটি হয়নি। ভারতীয় পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে বিল পাস না হলে কঠোর আন্দোলন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আন্দোলন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে। নাগরিকত্বের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা দিল্লির যন্ত্রর-মন্তরে আমরণ অনশন কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে আজ ২৬ জানুয়ারি ভারতের মহান প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশি ৫১টি ছিটমহলে ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায় একসঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নানা কর্মসূচি পালন করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ছিটমহল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছিটমহল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এত দিন গড়িমসি করলেও এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে কেন্দ্রকে চাপ দিচ্ছেন। তবু কেন বিল পাস হচ্ছে না— এমন প্রশ্ন উঠেছে দুই দেশের ছিটমহলবাসীর মনে। তাই প্রজাতন্ত্র দিবসের দিনেই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি।
সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত দাবি করেন, ছিটমহল বিনিময় চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিটমহল বিনিময়ে তাঁর সরকারের সম্মতির কথা জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের পার্লামেন্টে ছিটমহল বিনিময় চুক্তির বিলটি অনেক আগেই পাস হয়েছে। এখন শুধু ভারতের পার্লামেন্টে পাস হলেই দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ছিটমহল বিনিময় চুক্তির বাস্তবায়ন না হলে ছিটমহলের আন্দোলন নিয়ে যাওয়া হবে দিল্লি পর্যন্ত। এরপর লাগাতার কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে চুক্তির বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।