ছিটমহলবাসীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দো-বাংলা স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের সময় ছিটমহলগুলোতে কোনো গোষ্ঠীর সমস্যা সৃষ্টির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার ছয় জেলার সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এ আহ্বান জানান তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাসের পর আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ছিটমহলের মানুষ যেন কোনো সমস্যার মুখে না পড়ে এবং কেউ যেন তাদের আতঙ্কগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। ছিটমহলগুলোর বাসিন্দাদের সংস্পর্শে থাকতে হবে জেলা পর্যায়ের কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক নেতাদের।
শেখ হাসিনা বলেন, ‘ছিটমহলের মানুষ বিগত ৬৮ বছর থেকে দুর্দশাগ্রস্ত জীবন কাটাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।’ ছিটমহলগুলোর সার্বিক উন্নয়নে ইতিমধ্যে প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানকার গৃহহীন মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, স্কুল ও রাস্তাঘাট নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্ত চুক্তি ছিটমহলবাসীদের জন্য আমাদের দায়িত্ব বৃদ্ধি করেছে। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে।’ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে এ চুক্তির সঠিক বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষ থেকে ওই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা এ কনফারেন্স পরিচালনা করেন। কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী পঞ্চগড় ও টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে কথা বলেন। জামালপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কিশোরগঞ্জ এবং ঢাকা ও রংপুর বিভাগীয় কমিশনাররা এ কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিকে বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর গুরুত্ব পাওয়ায় এ জেলা প্রাধান্য পাচ্ছে। তিনি বলেন, সরকার নেপাল ও ভুটানকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত এবং এ ক্ষেত্রে পণ্য পরিবহনে বাংলাবান্ধা স্থলবন্দর অধিক গুরুত্ব বহন করে।
প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটিকে জেলার উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, টাঙ্গাইল একসময় দেশের রেলওয়ের নেটওয়ার্কের বাইরে ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু সেতুর নকশা পরিবর্তন করে রেলপথের মাধ্যমে টাঙ্গাইলকে ঢাকার সঙ্গে যুক্ত করে। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোকে সংযুক্ত করতে কমিউটার ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
কনফারেন্সের সময় পঞ্চগড় ও টাঙ্গাইলের জেলা প্রশাসকদ্বয় নিজ নিজ জেলার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দেন। পরে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও পুলিশ বিভাগের কর্মকর্তারাও বক্তব্য দেন।