ছিটমহলবাসীর নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ইন্দো-বাংলা স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের সময় ভারতীয় সীমান্ত বরাবর ছিটমহলগুলোতে যে কোনো গোষ্ঠীর সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আজ সোমবার ৬ জেলার সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বলেন, ‘ভারতের লোকসভায় স্থলসীমান্ত চুক্তি পাসের পর আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলের মানুষ যেন কোনো সমস্যার মুখে না পড়ে এবং কেউ যেন তাদের আতঙ্কগ্রস্ত করতে না পারে তা নিশ্চিত করতে হবে। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘ছিটমহলের মানুষ খুবই দুর্ভোগের মাঝে দিনাতিপাত করছে। বিগত ৬৮ বছর থেকে তারা দুর্দশাগ্রস্ত জীবন কাটাচ্ছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।’ তিনি বলেন, ছিটমহলগুলোর সার্বিক উন্নয়ন ও এর অধিবাসীদের কল্যাণে ইতিমধ্যে প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার গৃহহীন মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, স্কুল ও রাস্তাঘাট নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। তিনি পঞ্চগড় ও টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয়ন কমিটির সঙ্গে কথা বলেন। এ সময় জামালপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কিশোরগঞ্জ এবং ঢাকা ও রংপুর বিভাগীয় কমিশনাররা এ কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, প্রশাসনিক কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা এবং স্থানীয় সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় প্রশাসনে গতিশীলতা আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের হোতাদের এ কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে, বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জায়গা নয়।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা কনফারেন্স পরিচালনা করেন।