ছিটমহলবাসীর পছন্দ জানতে জরিপ জুলাইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিটমহলবাসী কে কোন দেশে থাকতে চান, তা জানতে জরিপ হবে ৬ থেকে ১৬ জুলাই। গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ছিটমহল বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কর্মকর্তারা যোগ দেন।
বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান কুড়িগ্রামের জেলা প্রশাসক এ কে এম আজাদ প্রথম আলোকে জানান, কীভাবে ছিটমহল বিনিময় হবে, বিনিময়ের পরে যাঁরা আসবেন তাঁদের পুনর্বাসন, কারা কারা আসবেন তাঁদের তালিকা তৈরি, কীভাবে ছিটমহলবাসীকে অন্য দেশে প্রত্যাবাসন করা হবে ইত্যাদি বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।