ছিটমহলবাসীর সঙ্গে সাংসদের মতবিনিময়
পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলবাসীর সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় সভা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের শালবাড়ি কালিয়াগঞ্জ ছিটমহলের দিনবাজার হাটে এই সভা হয়। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবিতে শালবাড়ি ছিটমহলবাসী এই সভার আয়োজন করে।সভায় পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক ও বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশেষ অতিথি ছিলেন।শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় শালবাড়ি ছিটমহলের মজিদুল ইসলাম, চিলাহাটি ছিটমহলের চেয়ারম্যান আলতাফ হোসেন বক্তব্য দেন।সভাশেষে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ছিটমহলে বাংলাদেশের পতাকা উত্তোলনের জন্য শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলামের হাতে জাতীয় পতাকা তুলে দেন।ছিটমহলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, ‘বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ে ইতিমধ্যে দুই দেশের মধ্যে প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করছি, এ সরকারের আমলেই ছিটমহল বিনিময় চুক্তি চূড়ান্ত হবে।’