ছিটমহলে জনগণনা কাজ পর্যবেক্ষণে যৌথ প্রতিনিধিদল
কুড়িগ্রামের ১২টি ছিটমহলে সম্প্রতি শুরু হওয়া বাংলাদেশ-ভারত যৌথ জনগণনার কাজ পর্যবেক্ষণ করেছে দুই দেশের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল।
গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত যৌথ প্রতিনিধিদলটি ফুলবাড়ী উপজেলার দাশিয়ার ছড়া ছিটমহলে অবস্থান করে এ কার্যক্রম পর্যবেক্ষণ করে। তাঁরা এখানকার সাতটি বুথে চলমান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে দুপুরে জেলা সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ছিটমহলের উন্নয়ন, জনগণনা, ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। দলের অন্য সদস্যরা হলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুর রহমান, মহাপরিচালক (দক্ষিণ এশিয়াবিষয়ক) আরিফুল ইসলাম, উপসচিব রুকসানা হাসিব ও কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। এ ছাড়া ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ, নির্বাহী হাকিম সোহেল মারুফ প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন।
অপরদিকে ভারতের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ত্রিপ্রিয়া রঙ্গনাথন।