ছিটমহলে বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস উদযাপন করেছেন পঞ্চগড় জেলার ভেতরে অবস্থিত ভারতের ১২টি ছিটমহলের নাগরিকেরা। বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে ছিটমহলের নাগরিকেরা বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার তাঁরা বিজয় দিবস পালন করলেন।
আজ সোমবার সকালে বিভিন্ন ছিটমহলে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা করেন ছিটমহলের নাগরিকেরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অবিলম্বে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিদার রহমান জানান, জেলার ১২টি ভারতীয় ছিটমহলে পুষ্পার্ঘ্য অপর্ণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। ভারতীয় ছিটমহলের নাগরিকেরা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন। তিনি আশা করেন, আগামী শীতকালীন অধিবেশনে ভারত সরকার ছিটমহল বিনিময় চুক্তি আইন পাস করবে।