ছিটমহলে যৌথ জনগণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে থাকা সব ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্ব নির্ধারণে শুরু হয়েছে যৌথ জনগণনা। চলবে ১৬ জুলাই পর্যন্ত। এর আগে এসব ছিটমহলে যৌথভাবে সর্বশেষ জনগণনা হয় ২০১১ সালে।

আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভারতের ভূখণ্ডে ৫১টি বাংলাদেশি ছিটমহল ও বাংলাদেশের ভূখণ্ডে ১১১টি ভারতীয় ছিটমহলে শুরু হয় এই জনগণনা। এতে আগের জনগণনার পর জন্ম নেওয়া শিশুদের তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি এ সময়ে যারা মারা গেছেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এদিকে জনগণনার সময় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এ কারণে প্রতিটি ছিটমহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, জনগণনার শুরুতে ছিটমহলবাসীরা শাঁখ বাজিয়ে আর ঢাকঢোল পিটিয়ে প্রতিনিধিদের সংবর্ধনা জানান। যদিও ভারতের ভূখণ্ডে থাকা ৫১টি ছিটমহলের মধ্যে ২০ টিতে এবং বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের মধ্যে ৪৩ টিতে কোনো জনবসতি নেই।

এদিকে ২০১১ সালের যৌথ জনগণনায় যাদের নাম বাদ গেছে, এবার তাঁদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে ছিটমহল ঐক্য পরিষদ ও ছিটমহল পিপলস কমিটি। দাবিতে বলা হয়েছে, ছিটমহলে বসতি থাকলেও অনেকে পেটের তাগিদে কাজের জন্য অন্য জায়গায় পাড়ি দিয়েছিলেন।

ছিটমহল সংগ্রাম কমিটি নামে আরেকটি সংগঠনের দাবি, যারা বিভিন্ন সময় বিতাড়িত হয়ে ছিটমহলে আশ্রয় নিয়েছে তাঁদেরও তালিকাভুক্ত করতে হবে। এই ধরনের আশ্রয় নেওয়া বাসিন্দার সংখ্যা অন্তত দুই হাজার হবে বলেও উল্লেখ করেন তাঁরা।

২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলে ১৪ হাজার ২২১ জন বাংলাদেশি বাস করেন। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলে ৩৭ হাজার ৩৬৯ জন ভারতীয় বসবাস করেন।