ছিটমহলের অধিবাসীর সংখ্যা নিরূপণে ‘মাথা গণনা’ শুরু হচ্ছে
বাংলাদেশ এবং ভারতের ১৬২টি ছিটমহলের অধিবাসীর সংখ্যা নিরূপণে মাথা গণনা শুরু হচ্ছে। ১৮ জুলাই থেকে এ গণনা শুরু হতে পারে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।বাংলাদেশের ২৫ জন সুপারভাইজার ও ১২৫ জন গণনাকারী এবং ভারতের সমসংখ্যক সুপারভাইজার ও গণনাকারী একই সঙ্গে উভয় দেশের সম্মতিতে তৈরি ফরমে মাথা গণনা করবেন। মাথা গণনা পদ্ধতি নিয়ে গত শনিবার উভয় দেশের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের উপস্থিতিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়ার অবসর রেস্ট হাউসে বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। এতে কোচবিহারের জেলা ম্যাজিস্ট্রেট সারথী মহাপাত্র ও একজন সেটেলমেন্ট কর্মকর্তা এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, লালমনিরহাটের জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান সরকার, নীলফামারীর জেলা প্রশাসক মো. আবদুল মজিদ ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রামে ১৮টি এবং লালমনিরহাটে ৩৩টিসহ মোট ৫১টি ছিটমহল রয়েছে। এগুলোর অবস্থান কোচবিহারের দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমায়। এদিকে কোচবিহারের ১১১টি ছিটমহল রয়েছে। এগুলোর অবস্থান কুড়িগ্রামে ১২টি, লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি এবং নীলফামারীতে চারটি। এসব ছিটমহলে কোনো দেশই এখন পর্যন্ত আদমশুমারি করেনি। কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে আজ সোমবার বিভাগীয় পর্যায়ের সভা রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সভা ঢাকায় অনুষ্ঠিত হবে।