ছিটমহলের বাসিন্দাদের গণনাগরিকত্ব দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অভ্যন্তরে ৫১টি বাংলাদেশি ছিটমহলের বাসিন্দাদের গণনাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এসব ছিটমহলে অন্তত ৫১ হাজার বাসিন্দা রয়েছে। ছিটমহলগুলোর দখল বুঝে নেওয়ার পরই তাদের নাগরিকত্ব দেবে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) বাস্তবায়ন ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে চুক্তি অনুমোদনের সময় মোদি সরকারের একজন কর্মকর্তা বলেছিলেন, ছিটমহলগুলোর দখল বুঝে পাওয়ার পরই সরকার গণনাগরিকত্বের সুযোগ দেবে। এ ক্ষেত্রে ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্বের জন্য আবেদনের আগে তারা সেখানে অন্তত ১২ বছর ধরে বসবাস করছে, এমন প্রমাণ দিতে হবে না। ২০১১ সালে ভারতের রেজিস্ট্রার জেনারেলের করা আদমশুমারির তথ্য অনুযায়ী, সীমান্তের দুই পাশের ছিটমহলের বাসিন্দাদের বেশির ভাগই মুসলিম। তারা যেসব ছিটমহলে রয়েছে, সেখান থেকে অন্যত্র যেতে চায় না।
এ সমস্যা সমাধানের লক্ষ্যে ভারতের সরকার ছিটমহলের বাসিন্দাদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে চায়। ছিটের বাসিন্দারা চাইলে ভারতেই থাকতে পারবে কিংবা বাংলাদেশে চলে আসতে পারবে। ভারতের নাগরিকত্ব আইন ১৯৫৫ অনুযায়ী, সরকার দেশটির কোনো ভূখণ্ডের দখল বুঝে নেওয়ার পর সেখানে বসবাসরত সব মানুষকে দেশটির নাগরিক হিসেবে ঘোষণা দিতে পারবে। এ জন্য কোনো বিশেষ পদক্ষেপ নিতে হবে না কিংবা কোনো ফরমও পূরণ করতে হবে না।
দুই দেশের স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, ছিটমহল যে দেশের অভ্যন্তরে রয়েছে, এর বাসিন্দারা সে দেশের নাগরিকত্ব লাভের অধিকার ভোগ করবে।
বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে ১১১টি ভারতীয় ছিটমহল। এসব ছিটমহলে অন্তত ৩৭ হাজার ৩৩৪ জন বাসিন্দা রয়েছে। ছিটমহলগুলো বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করা হবে। ছিটমহলগুলো বিনিময় করা হলে বাংলাদেশ পাবে ১৭ হাজার ১৬০ একর ভূমি এবং ভারত পাবে ৭ হাজার ১১০ একর।