ছিনতাই ও সড়ক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বলছে, এ ছয়জন সম্প্রতি সংঘটিত সড়কে ডাকাতি ও অপর একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মো. রানা হোসেন ও মো. জামান; সদর উপজেলার আলোকদিয়ার রুবেল হোসেন; আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মো. নুরুজ্জামান; দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার হল্টচাঁদপুরের মো. আব্দুর রাজ্জাক ও সদর উপজেলার নেহালপুরের মো. সাইদুল ইসলাম। প্রথম চারজনকে সদর থানার পুলিশ এবং বাকি দুজনকে দামুড়হুদা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ছয়জনকেই গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ১৯ মার্চ রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় কয়েকটি গাড়িতে ডাকাতি হয়। ২০ মার্চ সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামে গরু ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হন। দুটি ঘটনাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পৃথক মামলা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ওই ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি হাঁসুয়া, একটি রামদা ও গাড়ির কাচ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় এগুলো ব্যবহার করা হয়েছিল। ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কয়েকজন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।