ছিনতাই করতে গিয়ে দুই ছাত্র গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাই করতে গিয়ে দুই ছাত্র গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন শিক্ষা ও গবেষণা বিভাগের মিজানুর রহমান ও নাট্যকলা প্রথম বর্ষের সামির উদ্দিন।
গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা দুজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদের অনুসারী বলে দাবি করেন। তবে সাব্বির আহমেদ তাঁদের চেনেন না বলে জানান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র আবু রিয়াদ রোববার রাতে লাইব্রেরি থেকে বের হওয়ার সময় দুই ছাত্র তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মিজানুর রহমান ও সামির উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’