ছিনতাই করলেন ছাত্রলীগের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকার ভারতীয় শাড়ি ও চাদর ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, তাঁর বাড়ি কুষ্টিয়ার পিয়ারপুরে। গত শুক্রবার তিনি মেহেরপুরের কোমরপুর এলাকা থেকে প্রায় দুই লাখ টাকার ভারতীয় কাপড় ও বিছানার চাদর কিনে বাড়ি ফিরছিলেন। পথে ইসমাইল হোসেনের নেতৃত্বে ৮-১০ জন তাঁকে ধাওয়া করলে তিনি গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সামনে আশ্রয় নেন। পরে গাংনীর সিন্দুরকোঠা গ্রামের মাঠ দিয়ে লুকিয়ে যাওয়ার সময় ধাওয়াকারীরা তাঁকে আটকায়। এ সময় তাঁর কাছ থেকে চার হাজার টাকা, মুঠোফোনের সেট ও দুই লাখ টাকার ভারতীয় কাপড় ছিনিয়ে নেয়। ইসমাইল হোসেন গাংনী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বলে দলীয় সূত্র জানিয়েছে। গাংনী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব মিথ্যা বলে উড়িয়ে দেন।