ছিনতাই করা চাল ও ট্রাক উদ্ধার
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর থেকে ছিনতাই হওয়া চাল ও ট্রাক আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ১৯ মেট্রিক টন চালের মধ্যে সাত মেট্রিক টন চালসহ একটি পিকআপ শহরের বঙ্গবন্ধু সড়ক এবং ওই রাতেই কালনা ফেরিঘাট থেকে পরিত্যক্ত ট্রাকটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
ট্রাকমালিক নাটোরের আহসান হাবীব ও পিরোজপুরের চাল ব্যবসায়ী সাইদুর রহমান জানান, বগুড়া থেকে ১৯ মেট্রিক টন চাল নিয়ে ট্রাকটি পিরোজপুরের কাউখালী যাচ্ছিল। গত বুধবার গভীর রাতে মহাসড়কের দিগনগর নামক স্থানে পিকআপ দিয়ে ট্রাকটি ব্যারিকেড দিয়ে আটক করে দৃর্বত্তরা। পরে তারা চালক, হেলপার ও ট্রাকে থাকা ব্যবসায়ীকে মারধর করে চোখে মলম দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে টেকেরহাটে একটি হাসপাতালে চিকিৎসা দেন।
গোপালগঞ্জ ডিবির উপপরিদর্শক সাহাদত হোসেন জানান, শহরের একটি আড়তে চাল নামানোর সময় প্রায় সাত মেট্রিক টন চালসহ একটি পিকআপ আটক করা হয়। এ সময় ছিনতাই চক্রের সদস্য গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর গ্রামের ইকরাম আলী খন্দকার পালিয়ে যান।