ছিনতাই করা চিনিভর্তি ট্রাক উদ্ধার
রাজধানীর শ্যামলী থেকে চিনিভর্তি ট্রাক ছিনতাইয়ের চার ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকালে সাভারের বলিয়ারপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে চালক দ্বীন ইসলামকে (৩৫) কুপিয়ে রাজধানীর শ্যামলী এলাকা থেকে ট্রাকটি ছিনতাই করা হয়। এরপর সকাল ছয়টার দিকে চিনিভর্তি অবস্থাতেই সাভার থেকে ট্রাকটি উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চালক।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ৩২০ বস্তা চিনি নিয়ে ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিল। সোমবার রাত পৌনে দুইটার দিকে ট্রাকটি রাজধানীর শ্যামলীতে এলে চার-পাঁচজন ছিনতাইকারী আরেকটি গাড়িতে এসে ট্রাকটির গতি রোধ করে। ছিনতাইকারীরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এরপর সকালে সাভারের বলিয়ারপুর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্ধ্যা পর্যন্ত কোনো মামলাও হয়নি। মালিকপক্ষ ট্রাকটি নিয়ে গেছে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের খবর জানার পর সাভার থানার পুলিশকে সতর্ক করে দেওয়া হয়। আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাজার ও নবীনগর পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থান নেয়। গতকাল সকাল ছয়টার দিকে ট্রাকটি পুলিশের অবস্থান বুঝতে পেরে বলিয়ারপুরে মহাসড়কের পাশের একটি রাস্তায় ট্রাকটি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। সেখান থেকে ট্রাকটি উদ্ধার করে মালিকের জিম্মায় দেয় পুলিশ। ট্রাকের মালামালের মালিক সাভারের এক ব্যবসায়ী।