ছিনতাই করা মোটরসাইকেল বেচতে গিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত সোমবার ছিনতাই করা মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে তিন ‘ছিনতাইকারী’। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সোমবার রাতে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি মোড়ে একটি ১৩৫ সিসি মোটরসাইকেল বিক্রি করতে আনে স্বপন মিয়া, বাবুল মিয়া ও রওশন আলী। তারা সস্তায় এটি বিক্রি করতে চাইলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের জেরার মুখে ছিনতাইকারীরা ধরা পড়ে। উত্তেজিত এলাকাবাসী তাদের ধোলাই দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আছাবুর রহমান জানান, পুলিশ ওই ছিনতাইকারীদের সাত দিনের রিমান্ডে নিতে গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করেছে। প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।