ছিনতাই করে পালাতে গিয়ে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের এক পরিবেশকের কাছ থেকে টাকা ও প্রিপেইড কার্ড ছিনতাই করে পালানোর সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের বায়েজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ছিনতাই হওয়া টাকা ও ৫০ টাকা মূল্যমানের ৮০০টি প্রিপেইড কার্ড উদ্ধার হয়নি।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর নাম আনোয়ার (২৬)। তিনি নেত্রকোনার শিবপাশা গ্রামের মৃত মঞ্জিল তালুকদারের ছেলে। তাঁর কাছে রাইফেলের গুলিভর্তি দেশে তৈরি একটি এলজি, একটি পিস্তল ও রাইফেলের দুটি গুলি পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী উপজেলার বাংলালিংকের পরিবেশক আবদুল করিম দুপুরে বায়েজিদ থানার শেরশাহ কলোনির রাস্তার মাথায় ‘জহির টেলিকম’ নামের দোকানে যান। এ সময় অস্ত্রধারী তিনজন তাঁকে ঘিরে ফেলে এবং তাঁর কাছে থাকা থলে টান দিয়ে নিয়ে নেয়। থলের মধ্যে নগদ এক লাখ ২৩ হাজার টাকা, বাংলালিংকের দুটি মোবাইল ফোনসেট, ৫০ টাকা মূল্যমানের ৮০০টি বাংলালিংকের প্রিপেইড কার্ড, বাংলালিংকের ১৭টি সিম ছিল। সন্ত্রাসীরা দৌড়ে পালানোর সময় করিমের চিৎকারে আশপাশের লোকজন অস্ত্রসহ আনোয়ারকে আটক করে। অপর দুজন পালিয়ে যায়। আনোয়ারকে পুলিশে সোপর্দ করা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘পালিয়ে যাওয়া দুই সন্ত্রাসীকে ধরতে অভিযান চলছে।’