ছিনতাই করে পালানোর সময় দুজনকে গণপিটুনি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে আটক করে পিটুনি দিয়েছে জনতা। গতকাল সোমবার উপজেলার হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুজন হলেন সিলেট মহানগরের জালালাবাদের পীরপুর গ্রামের শাহজাহান (৩০) এবং কালিগাঁও গ্রামের শাহ আলম (৩০)। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশের কাছে দিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার বগিরচর গ্রামের শাহীন আহমদের স্ত্রী করিমা বেগম রিকশায় তাঁর এক পরিচিত নারীসহ উপজেলার মিরপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। হোসেনপুর গ্রামের বড়বাড়ি এলাকার সামনে পৌঁছানোর পর মোটরসাইকেল নিয়ে আসা কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে করিমা বেগমের কাছ থেকে হাতব্যাগ, সোনার চেইন এবং রিকশার অপর যাত্রীর মুঠোফোন সেট ছিনিয়ে নেয়।
এ সময় করিমা বেগম ও রিকশার অপর যাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেন। পরে তাঁরা দুই ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
করিমা বেগম বলেন, তাঁর হাতব্যাগে এক লাখ টাকা ছিল। ব্যাগটি উদ্ধার করা হলেও তাঁর টাকা ও সোনার চেইন উদ্ধার করা হয়নি।
এ বিষয়ে সিলেটের বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় করিমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।