ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু
বরগুনার আমতলী উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় শিমুল (১৮) নামের একজন নিহত ও তাঁর সহযোগী কাওসার (১৮) আহত হয়েছেন। তাঁদের দুজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায়।ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক চলাভাঙ্গা গ্রামের জসিম জানান, গত বুধবার রাত ১১টার দিকে চলাভাঙ্গা স্টেশন থেকে শিমুল ও কাওসার তাঁর মোটরসাইকেলে চড়ে আমতলী আসছিলেন। মানিকঝুরি এলাকায় পৌঁছার পর তাঁরা ধারালো অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে আমতলীর দিকে পালিয়ে যান। এ সময় তিনি মুঠোফোনে আমতলীর মোটরসাইকেলস্ট্যান্ডে ছিনতাইয়ের ঘটনা জানিয়ে দেন। আমতলী শহর অতিক্রম করার সময় স্থানীয় মোটরসাইকেলচালকেরা তাঁদের ধাওয়া করে। এতে পালানোর সময় চালিতাবুনিয়া খালের সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে ছিনতাইকারীরা ছিটকে পড়লে জনতা আহত অবস্থায় কাওসারকে আটক করে আমতলী থানার পুলিশের কাছে সোপর্দ করে। তবে শিমুল নিখোঁজ হন। পুলিশ কাওসারকে চিকিৎসার জন্য আমতলী হাসপাতালে ভর্তি করে। বুধবার সন্ধ্যায় চালিতাবুনিয়া খালে শিমুলের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালিতাবুনিয়া খাল থেকে বুধবার সন্ধ্যায় শিমুলের লাশ উদ্ধার করেছে। লাশ গতকাল বৃহস্পতিবার বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শিমুলের বাবা আলমগীর হোসেন বলেন, ‘শিমুল বেশ কিছুদিন ধরে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াত। এ জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, এ ঘটনায় মোটরসাইকেলচালক জসিম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন এবং দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় আরেকটি অপমৃত্যু মামলা হয়েছে।