ছিনতাই করে পালানোর সময় পটিয়ায় গণপিটুনি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার ভাইয়ারদীঘি এলাকায় গতকাল বুধবার বিকেলে চেয়ারকোচে ছিনতাই করে পালানোর সময় লোকজন পাঁচজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আটক পাঁচজন হলো: লিটন বড়ুয়া (৩৬), মো. জসিম (৩৫), সুমন দাশ (২৯), লিমন (৩০) ও আমজাদ হোসেন (৩০)। তাঁদের পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে চট্টগ্রাম রেলস্টেশনসংলগ্ন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে চন্দনাইশ উপজেলার সিরাজুল মনির নামের এক ব্যক্তি প্রায় পাঁচ লাখ টাকা তুলে বাসে করে পটিয়ায় গ্রামের বাড়ি হারালায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়ার ভাইয়ারদীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে বাসের গতিরোধ করে এবং পুলিশ পরিচয় দিয়ে পাঁচজন চেয়ারকোচে উঠে পড়ে। এ সময় ছিনতাইকারীরা সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ আছে বলে তাঁকে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোতে তোলার চেষ্টা করে। তাঁকে তুলতে না পেরে তাঁর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাইক্রোটি অলিরহাটের দিকে চলে যাচ্ছিল। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন চারদিক থেকে মাইক্রোর গতিরোধ করে পাঁচজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পটিয়া থানার পুলিশ অলিরহাটে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে। এ ছাড়া তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা, একটি খেলনার পিস্তল, হাতকড়াসহ ছিনতাইকাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।