ছিনতাই করে হত্যার পর লাশ ফেলা হয় পদ্মায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়াঘাট থেকে স্পিডবোটে করে পদ্মা নদী পার হতে গিয়ে মো. সুপার উদ্দিন ফকিরের (৩২) ‘নিখোঁজ’ হওয়ার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।গত ৪ সেপ্টেম্বর সুপার উদ্দিনের টাকা ছিনিয়ে তাঁকে হত্যা করে লাশ পদ্মায় ফেলে দেয় মো. হূদয় নামের স্পিডবোটের এক চালক ও তাঁর সঙ্গীরা। গ্রেপ্তার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হূদয় হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।সুপার উদ্দিন হত্যার ছয় দিন পর ১০ সেপ্টেম্বর মাওয়াঘাট থেকে পদ্মা পার হতে গিয়ে ‘নিখোঁজ’ হন নূর-ই-আলম (২৮) ও বকুল মিয়া (২৭) নামের আরও দুজন। এর দুদিন পর নূর-ই-আলমের ব্যাপারে ঢাকার পল্টন থানায় ও বকুলের ব্যাপারে মাদারীপুরের শিবচর থানায় দুটি পৃথক জিডি করেন তাঁদের স্বজনেরা। কিন্তু এক মাস ১২ দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।নিহত সুপার উদ্দিন মাদারীপুর সদরের মীরকান্দি গ্রামের প্রয়াত খালেদ ফকিরের ছেলে। এ ছাড়া ‘নিখোঁজ’ নূর-ই-আলম শিবচরের পাঁচ্চর গ্রামের প্রয়াত শফিউদ্দিনের একমাত্র ছেলে ও বকুল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোর পাড়াগ্রামের মুজাম শেখের ছেলে এবং শিবচরের রামরায়ের কান্দিগ্রামের আবদুল খালেক সরদারের জামাতা।রহস্য উদ্্ঘাটন: সুপারের বড় ভাই মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সুপার গত ৪ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন। রাত আটটার দিকে মুঠোফোনে বাড়িতে জানান, তিনি মাওয়াঘাটে। রাত নয়টার দিকেও সুপারের সঙ্গে বাড়ির লোকজনের মুঠোফোনে যোগাযোগ ছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় তাঁর মুঠোফোনে কল করা হয় এবং তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও সুপারকে না পেয়ে গত ৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের লৌহজং থানায় জিডি করা হয়।জিডির তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, সুপারের মুঠোফোনের কললিস্ট থেকে তাঁর মুঠোফোনের আন্তর্জাতিক শনাক্তকরণ নম্বর (আইএমইআই) বের করা হয়। নম্বরটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সুপারের সেটটিতে অন্য একটি মুঠোফোনের সিম ব্যবহূত হচ্ছে। ওই নম্বরে কল করে জানা যায়, তা মাওয়ার তেলের দোকানের কর্মচারী মিজান ব্যবহার করছেন। পুলিশ মিজানকে আটক করলে তিনি জানান, সেটটি তিনি ঘাটের জাকিরের কাছ থেকে নিয়েছেন। জাকিরকে আটক করলে তিনি জানান, স্পিডবোটের চালক হূদয়ের কাছ থেকে মুঠোফোনটি কিনেছেন। ১৭ অক্টোবর হূদয়কে আটক করে পুলিশ। এসআই বিল্লাল বলেন, হূদয় পুলিশের কাছে ও আদালতে সুপারকে হত্যার কথা স্বীকার করেছেন। হূদয় জানিয়েছেন, পদ্মা পার করে দেওয়ার নামে মাওয়া ঘাটে সুপারের সঙ্গে যাত্রীবেশে হূদয়ের দুই সঙ্গী স্পিডবোটে ওঠেন। পদ্মার মাঝামাঝি গেলে সুপারের সর্বস্ব লুটে নিতে তাঁরা হামলা চালান। এ সময় ধস্তাধস্তি করলে হূদয় ও তাঁর সঙ্গীরা পেটে ছুরি চালিয়ে সুপারকে খুন করে লাশ পদ্মায় ফেলে দেন। নূর-ই-আলম ও বকুলের সন্ধান চায় পরিবার: নূর-ই-আলমের স্ত্রী আঞ্জুমান আরা বেগম বলেন, তাঁর স্বামী কম্পিউটার ও অন্যান্য সামগ্রী কিনতে ১০ সেপ্টেম্বর সকালে ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় যান। সন্ধ্যার পরে তাঁকে ফোন করে জানান, টাকা কম হওয়ায় কম্পিউটার কেনেননি। তাই বাড়ি ফিরছেন। সর্বশেষ রাত আটটা ৩২ মিনিটে তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হয়। এর পর থেকে নূর-ই-আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সেই রাত থেকে নূর-ই-আলম আর বাড়ি ফেরেননি।নূর-ই-আলমের ভগ্নিপতি আবদুল জলিল বলেন, ‘নূর-ই-আলম ঢাকার পল্টনে কম্পিউটার কিনতে গিয়েছিলেন। এ কারণে পল্টন থানায় জিডি করে কপি ঢাকায় র‌্যাব, সিআইডি ও শিবচর থানায় দিয়েছি। আমাদের আশঙ্কা, নূর-ই-আলমের সর্বস্ব লুটে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা।’ বকুল মিয়ার স্ত্রী ঝরনা বেগমের ভাষ্যমতে, তাঁরা স্বামী-স্ত্রী সাভারের একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। ৪ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। সন্তানকে দেখতে বকুল ১০ সেপ্টেম্বর সন্ধ্যার পরে ঢাকা থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে নয়টার দিকে বকুল ঝরনার কাছে ফোন করে জানান, তিনি মাওয়াঘাটে পৌঁছেছেন। স্পিডবোটে চড়ে পদ্মা পার হচ্ছেন বলেও জানান তিনি। কিন্তু কিছুক্ষণ পর বকুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘নূর-ই-আলমের পক্ষে তাঁর ভগ্নিপতি আবদুল জলিল পল্টন মডেল থানায় যে জিডি করেছেন, তার একটি কপি পেয়েছি। নূর-ই-আলম ও বকুল মিয়ার নিখোঁজের ঘটনার তদন্ত চলছে।’