ছিনতাই চক্রের হোতা ‘লোহা জসিম’ গ্রেপ্তার
অসংখ্য মামলার আসামি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ছিনতাই চক্রের অন্যতম হোতা বলে পরিচিত জসিম উদ্দিন ওরফে লোহা জসিমকে (৩৫) গ্রেপ্তার করেছে বন্দর থানার পুলিশ। গত শনিবার রাতে নগরের নিমতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, জসিম চাঁদপুরের শাহরাস্থি থানাধীন কাদেরা এলাকার বাসিন্দা। চট্টগ্রামের নিমতলা এলাকায় তিনি থাকেন। জসিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যানের মালামাল চুরি-ডাকাতি ও ছিনতাই চক্রের অন্যতম হোতা বলে পুলিশ জানায়। বন্দর থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, নগরের বন্দর, ডবলমুরিং, হালিশহর ও কর্ণফুলী থানায় তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। বন্দর ও হালিশহর থানার একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল একটি মামলার পরোয়ানায় তাঁকে গ্রেপ্তার করা হয়।বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘লোহা জসিম সংঘবদ্ধ আমদানি-রপ্তানি মালামাল ছিনতাই চক্রের অন্যতম হোতা। তাঁর নেতৃত্বে একটি বাহিনী আছে, যারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালামাল ছিনতাই করে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, ফেনী, কুমিল্লার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে কয়েক ডজন মামলা আছে। একাধিকবার গ্রেপ্তার হলেও তিনি জামিন পেয়ে আবার ছিনতাই পেশায় জড়িয়ে পড়েন।’