ছিনতাই চেষ্টাকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
রাজধানীর মগবাজারে গতকাল রোববার দুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে অস্ত্রসহ ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাংলামোটরের গাড়ির যন্ত্রাংশের দোকানের কর্মী ইউসুফ আলী মগবাজারে নিউ ইস্কাটন রোডে একটি ব্যাংকে টাকা জমা দিতে যান। তিনি ব্যাংকের সিঁড়ি দিয়ে ওঠার সময় মাসুদ পারভেজসহ দুজন অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইউসুফ তাঁদের ধাক্কা দিলে মাসুদ পড়ে যান। ইউসুফের চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এসে মাসুদকে পিস্তলসহ আটক করে পিটুনি দেন। অন্যজন মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদকে পুলিশে সোপর্দ করা হয়।
রমনা থানার পুলিশ জানায়, আটক মাসুদ পারভেজ রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি পালিয়ে যাওয়া সহযোগীর নামও বলেছেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মাসুদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাঁকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাসুদের বন্ধুদের দাবি, মাসুদ একসময় বাংলামোটরের একটি মার্কেটের এক দোকানে কাজ করতেন। তিনি বেতন নিতেন না। তিনি ছাত্রলীগের পদ পাওয়ার পর দোকানমালিক ওই বেতনের টাকা থেকে তাঁকে মোটরসাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি না রাখায় মাসুদ খেপে গিয়ে সহযোগীকে নিয়ে এ ঘটনা ঘটান।
ইউসুফ ওই মার্কেটের অন্য দোকানের কর্মচারী। ইউসুফের দোকানের মালিক প্রথম আলোকে বলেন, মাসুদ তাঁর দোকানের কর্মচারী ছিলেন না। তিন বছর আগে মাসুদ যে দোকানে কাজ করতেন, সেটি মূলত পাইকারি মালামাল বিক্রি করত। তাই সব দোকানেই মাসুদের যাতায়াত থাকায় সবাই তাঁকে চিনতেন। মোটরসাইকেল দেওয়ার প্রতিশ্রুতির কোনো ঘটনা ছিল না।
ব্যবসায়ীরা জানান, ওই মার্কেটের দোকানমালিকেরা সন্ধ্যায় রমনা থানায় গিয়ে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
সবুজবাগে আট লাখ টাকা ছিনতাই: দুপুরে সবুজবাগে এনামুল (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আট লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে এনামুলের বন্ধু রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এনামুল বিকাশের এজেন্ট গ্রিন ইন্টারন্যাশনালের কর্মী। এনামুল বেলা দুইটার দিকে বিকাশের খুচরা এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে অফিসে যাওয়ার পথে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন।