ছিনতাই-ডাকাতির আসামিদের জামিনে তৎপর দালাল চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই, ডাকাতি ও গাড়ি চুরি মামলার আসামিদের জামিন করাতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দালাল চক্রের তৎপরতা বেড়ে গেছে। এই চক্রের সঙ্গে আদালতের একশ্রেণীর কর্মচারী, পুলিশ ও আইনজীবীর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ আইনজীবীদের।
ছিনতাইয়ের অভিযোগে করা চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে। এক মাসে মতিঝিল ও পল্টন এলাকায় বড় ধরনের ছিনতাইয়ের ২০টি মামলা হয়েছে। ১২টি মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। এর মধ্যে ছয়টির বিচারকাজ শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একাধিক কর্মচারী জানান, ঈদের মৌসুমে ছিনতাই মামলার আসামিদের জামিন করাতে দালাল চক্রের তৎপরতা বেড়ে গেছে। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ বলেন, ঢাকার আদালত অঙ্গনে কিছু দালাল চক্র রয়েছে। সমিতির পক্ষ থেকে এদের শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, রমজান শুরুর পর ওই সব মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও দালাল চক্র উচ্চ আদালতের কর্মকর্তা বা মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে শোনা যায়।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য জিয়াউল হাসান বলেন, ‘অনেক ক্ষেত্রে দালাল চক্রের কাছে গিয়ে আসামিরা জামিনও পাচ্ছে। এ কারণে এক দিনের স্থলে দুই দিন হলেই আমাদের কাছ থেকে মামলা অন্যত্র চলে যায়।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ৩০ জুন শাহবাগ থানার ফিনিক্স রোডে ছিনতাইয়ের ঘটনায় ৫ জুলাই গ্রেপ্তার হন মো. হারুন। তাঁর জামিনে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন আইনজীবী। ওই আইনজীবী গত সোমবার জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়ে আদালতকে বলেন, আসামিপক্ষ অন্য আইনজীবী দিয়ে মামলা করাতে ইচ্ছুক। এরপর গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই আসামির জামিনের আবেদন করা হয়।