ছিনতাই দমনে 'প্রয়োজনে' গুলি করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আছাদুজ্জামান মিয়া
মো. আছাদুজ্জামান মিয়া

রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রয়োজনে পুলিশ গুলি ছুড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল বৃহস্পতিবার গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক-সংক্রান্ত মতমিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চুরি, ছিনতাই এমনকি রাহাজানি নিম্নতম পর্যায়ে নামিয়ে আনা হয়েছে দাবি করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শুধু পোশাকি পুলিশ নয়, গোয়েন্দা পুলিশ নগরের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। যদি কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাৎক্ষণিক তারা হস্তক্ষেপ করবে। প্রয়োজনে গুলি ছুড়বে। সন্ত্রাসীদের দমন করবে। কোনো ছিনতাইকারী, মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির অপতৎপরতা আমাদের প্রিয় ঢাকা মহানগরীতে হতে দেব না।’
সভায় ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল ফিতরে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো দৌরাত্ম্য থাকবে না। ইতিমধ্যে অজ্ঞান পার্টির দুই শতাধিক সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
উল্টো পথে গাড়ি চালানো প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘যে-ই হোক, যত বড় ক্ষমতাশালী হোক, ট্রাফিক বিভাগ দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং এটা অব্যাহত থাকবে। উল্টো পথে কোনো গাড়ি যেতে দেওয়া হবে না। কোনোভাবেই ট্রাফিক আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।’
স্কুল, কলেজ, আবাসিক এলাকা ও হাসপাতালের কাছে হাইড্রলিক হর্ন না বাজানোর পরামর্শ দেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, বিভিন্ন যানবাহন থেকে ইতিমধ্যে চার হাজার হাইড্রলিক হর্ন খুলে নেওয়া হয়েছে। নগরবাসীকে রাস্তা পারাপারে পদচারী সেতু ও পাতালপথ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ২৯ জুন থেকে ঢাকা মহানগরে প্রবেশের ও বের হওয়ার চারটি প্রধান পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে এবং সাদাপোশাকের পুলিশকে সদা সতর্ক অবস্থায় রাখা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালকুদার। উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ, মফিজ উদ্দিন আহম্মেদ ও ইমতিয়াজ আহমেদ, পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র সেনসহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।