চট্টগ্রামে ছিনতাই মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে মোহাম্মদ বাহাদুর (৪২) নামের এক ব্যবসায়ী গতকাল রোববার আটক হয়েছেন। ১৩ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ দিতে গেলে বায়েজিদ থানার পুলিশ তাঁকে নানাভাবে জেরা করে। একপর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার কথা স্বীকার করেন তিনি। পরে পুলিশ তাঁকে ও তাঁর গাড়ির চালক সুলতানকে আটক করে। থানা সূত্র জানিয়েছে, বায়েজিদ থানার চা বোর্ডের পাশে বাহাদুরের বাসা। একই এলাকায় তাঁর নির্মাণসামগ্রীর দোকান আছে। পুলিশ জানায়, বাহাদুরের সঙ্গে নজরুল ইসলাম নামের অন্য এক ব্যবসায়ীর বিরোধ চলছে। এর আগে নজরুলের বিরুদ্ধে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আটক অবস্থায় বাহাদুর গতকাল বায়েজিদ থানা ভবনে প্রথম আলোকে বলেন, ‘আমি ভুল করেছি। আসলে অন্যজনকে ফাঁসাতে চেয়েছিলাম। এটা করা আমার উচিত হয়নি।’পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাহাদুর তাঁর মাইক্রোবাস নিয়ে ট্রাস্ট ব্যাংক বায়েজিদ শাখা থেকে সাড়ে ১০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা মাইক্রোবাসের চালক সুলতানের মাধ্যমে তাঁর স্ত্রীর হিসাবে জমা দেন। পুলিশ সূত্র জানায়, সাকল্যে ৫০ হাজার টাকা নিয়ে চা বোর্ডের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর মাইক্রোবাসের বাম পাশের কাঁচ দজন এসে ভেঙে দেয়। গাড়ির কাঁচ ভাঙতে আগে থেকে ওই দুই লোককে ঠিক করে রাখা হয়েছিল। এরপর বাহাদুর ওই গাড়ি নিয়ে সোজা বায়েজিদ থানায় চলে যান। সেখানে গাড়ির কাঁচ ভেঙে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের গল্প বানান। তিনি এর জন্য তাঁর প্রতিপক্ষ নজরুলের বিরুদ্ধে অভিযোগ করেন।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চালক ও বাহাদুরের কথা দুই রকম হওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে ঘটনাটি তদন্তের জন্য গাড়ির কাঁচ ভাঙার স্থলে পুলিশ পাঠাই। স্থানীয় লোকজন জানায়, দুই লোক গাড়ির কাঁচ ভেঙে চলে যায়। তবে তারা মাইক্রোবাসের ভেতর থেকে কিছু নেওয়ার চেষ্টা করেনি। এ ছাড়া বাহাদুরের পকেটে আরেক ব্যবসায়ী নজরুল ইসলামের বিরুদ্ধে করা আগের জিডির কপি ছিল। নজরুলকে ফাঁসানোর জন্যই এই নাটক করেন বাহাদুর। বাহাদুরের বিরুদ্ধে প্রতারণা মামলার প্রক্রিয়া চলছে।’