ছিনতাই প্রাইভেট কারটি উদ্ধার হয়নি, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানা এলাকায় গত শনিবার রাতে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় কারটির মালিক ওসামা ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গতকাল রোববার দুপুরে কলাবাগান থানায় তিনি এ মামলা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, গাড়িটি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শনিবার রাতে রাসেল স্কোয়ারসংলগ্ন লাজ ফার্মার সামনে প্রাইভেট কার রেখে ওষুধ কিনতে বের হন ওসামা। গাড়ির ভেতর চার বছরের শিশু হাসানাইন ইসলামকে নিয়ে বসে ছিলেন স্ত্রী ফাতেমাতুজ্জোহরা।
হঠাৎ দুই দুর্বৃত্ত গাড়িতে ঢুকে স্ত্রী-সন্তানসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। অবশ্য পরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওসামার স্ত্রী-সন্তানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে একটি রিকশা নিয়ে সন্তানসহ বাসায় ফেরেন ওসামার স্ত্রী।