ছিনতাই মামলা থেকে শিক্ষকের নাম প্রত্যাহারের দাবি
রংপুরের তারাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলা থেকে কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের নাম প্রত্যাহারের দাবিতে গত শনিবার বিকেলে স্থানীয় চৌপথির মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, তারাগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন অপসোনিন ফার্ম লিমিটেড রংপুর ডিপো ইনচার্জ ওবায়দুল হক খান। এই মামলায় প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ আটজনকে আসামি করা হয়। এতে এলাকাবাসীসহ তারাগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ শেষে চৌপথির মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সরফ রাজ, আমিনুল ইসলাম, সাদেকুল ইসলাম, রফিকুল ইসলাম ও অলিয়ার রহমান প্রমুখ। তাঁরা অবিলম্বে ওই মামলা থেকে প্রধান শিক্ষকের নাম প্রত্যাহার করার দাবি জানান।প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, ‘আমি মামলা ও ঘটনার বিষয়ে কিছুই জানি না। তবে বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কয়েক ভোটে হেরে যাই। সম্ভবত রাজনৈতিক কারণে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে।’ মামলার বাদী ওবায়দুল হক খান বলেন, ‘মামুনুর রশিদ শিক্ষক কি না তা জানি না। তবে তাঁর নাম আমি শুনেছি।’