ছিনতাই মামলা নিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানায় একটি ছিনতাইয়ের মামলা করতে গিয়ে ভোগান্তির শিকার হন এক কলেজছাত্রীর বাবা। একটি মামলার জন্য তাঁকে তিনবার থানায় যেতে হয়েছে। মামলার অনুলিপি হাতে পেয়েছেন ঘটনার ২৪ ঘণ্টা পর।মামলার বাদী সাংবাদিক কুদ্দুস আফ্রাদ অভিযোগ করেন, ২৫ জানুয়ারি সবুজবাগ থানার অদূরেই তাঁর মেয়ে কানিজ শরমিনের মুঠোফোন ও সোনার চেইন ছিনতাই হয়। এ ব্যাপারে মামলা করার জন্য পরদিন (২৬ জানুয়ারি) সবুজবাগ থানায় যান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে মামলা করার পরামর্শ দিয়ে কর্তব্যরত কর্মকর্তার কাছে পাঠান। কর্তব্যরত কর্মকর্তা এ সময় তাঁর অভিযোগপত্রটি আমলে না নিয়ে নিজের মতো করে অভিযোগ লিখতে শুরু করেন। বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বাদীর লেখা অভিযোগপত্রটি এজাহার হিসেবে নিতে বলেন। কর্তব্যরত কর্মকর্তা বাদীকে সেদিনের মতো বিদায় করে দেন। এরপর বিকেলে থানা থেকে একজন উপপরিদর্শক আবার তাঁকে ফোন করে থানায় আসতে বলেন। থানায় গেলে উপপরিদর্শক তাঁকে দুটি তথ্য অভিযোগের সঙ্গে সংযুক্ত করতে বলেন। সেটা সংযোগ করে তিনি মামলার অনুলিপি চাইলে তাঁকে রাতে আসতে বলা হয়। রাতে মামলার অনুলিপি নিতে গেলে পরদিন সকালে আসতে বলা হয়। অবশেষে গতকাল শুক্রবার দুপুরে তিনি অনুলিপিটি হাতে পান। মামলা নিতে এত অনীহা কেন জানতে চাইলে সবুজবাগ থানার ওসি আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বাদীকে সাহায্য করেছে, পরামর্শও দিয়েছে। তার পরও তিনি কী কারণে রুষ্ট হলেন, সেটা ঠিক বোঝা যাচ্ছে না।’