ছিনতাই মামলায় ছয় বছরের শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র রোহান দালাল (৬)। ছিনতাই ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় তার পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। রোহানের মা নাজমা বেগম অভিযোগ করেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সাজানো মামলায় তাঁর ছয় বছরের শিশু সন্তানসহ তাঁদের আসামি করা হয়েছে। উপজেলার গদখালি গ্রামের নাজমা বেগম বলেন, তাঁর স্বামী দোস্ত মাহমুদ ২০০৪ সালে পৃথক দুটি দলিলে কলারোয়া বাজার এলাকায় শেখ আবু মোস্তফা কামালের কাছ থেকে এক শতক জমি কেনেন। সম্প্রতি দোস্ত মাহমুদ ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে মোস্তফা কামাল তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলতে থাকে। এর জের ধরে ২২ মে মোস্তফা কামাল কলারোয়া থানায় দুটি মামলা দায়ের করেন। মামলা দুটিতে নাজমা ও তাঁর ছয় বছরের ছেলে রোহান, স্বামী দোস্ত মাহমুদ ও তাঁর ভাই অপু ধোমা, প্রতিবেশী আসাদুল হক ও আক্তারুজ্জামানকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, আসামিরা বাদীর বাড়িতে হামলা চালিয়ে মারধর ও ছয় বছরের রোহান বাদীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করেছে। এ ব্যাপারে মামলার বাদী আবু মোস্তফা কামাল বলেন, রোহান এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাবা দোস্ত মাহমুদের নেতৃত্বে রোহান তার সোনার চেইন ছিনতাই ও বাড়িতে ভাঙচুর করেছে।কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাত হোসেন বলেন, দোস্ত মাহমুদের ছেলে শিশু রোহান তাঁর বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।ছয় বছরের শিশুর বিরুদ্ধে মামলা নেওয়ার কারণ জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, অনেক সময় তদন্ত না করেই মামলা গ্রহণ করতে হয়। সাজানো কিংবা মিথ্যা মামলা হলে তদন্তকালে তা বেরিয়ে আসবে।