ছিনতাই রোধে জঙ্গল পরিষ্কার
যশোর-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহের মহেশপুর থানাধীন জগন্নাথপুর থেকে কাটাখালী বাসস্ট্যান্ড অংশে প্রায়ই ছিনতাই হচ্ছে। এখানে ছিনতাই ঠেকাতে পুলিশ তিন দিন ধরে রাস্তার ধারের জঙ্গল পরিষ্কার করছে।পুলিশ বলছে সড়কের ওই অংশে পুলিশের টহল চললেও জঙ্গলের কারণে তারা ছিনতাই ঠেকাতে পারছে না। এ কারণে তারা এই উদ্যোগ নিয়েছে।পথচারী খালিশপুরের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, জঙ্গলের কারণে তাঁদের এই দুই কিলোমিটার রাস্তা পার হতে খুব ভয় হয়। এ ছাড়া প্রায়ই এই সড়কে ছিনতাই হয়। এই সড়কে অল্প কয়েক দিনের ব্যবধানে একজন পুলিশ কর্মকর্তা, একজন চিকিৎসকসহ বেশ কয়েকজনের কাছ থেকে ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জগন্নাথপুর বাসস্ট্যান্ড থেকে কাটাখালী বাসস্ট্যান্ডের মধ্যবর্তী আনুমানিক দুই কিলোমিটার রাস্তার পাশে বড় বড় গাছের পাশাপাশি রয়েছে অনেক জঙ্গল। জঙ্গলের কারণে তাঁরা রাস্তার ঢালের অংশ ঠিকমতো দেখতে পান না। রাস্তার ওপর পুলিশের টহল দল থাকে। কিন্তু পুলিশ এক স্থানে থেকে সরে আরেক স্থানে যাওয়ামাত্র ওই স্থানে যানবাহন থামিয়ে ছিনতাই চলে। পথচারীরাও প্রায়ই ছিনতাইকারীদের কবলে পড়ছে। ছিনতাইয়ের খবর পেয়ে ছুটে গেলে ছিনতাইকারীরা জঙ্গলে পালিয়ে যায়। অন্ধকারে তাদের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ে।ওসি আরও জানান, এ অবস্থায় লোকজনদের ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করতে তাঁরা জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। থানায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁরা জঙ্গল পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তিন দিন ধরে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে। তিনি আশা করেন, রাস্তার পাশ পরিষ্কার থাকলে পথচারীরা নির্ভয়ে চলাচল করতে পারবে। জঙ্গল পরিষ্কারের কাজ দেখাশোনা করছেন ঠিকাদার নাসির উদ্দিন। তিনি জানান, আটজন শ্রমিক তিন দিন ধরে কাজ করছেন। রাস্তার একপাশের অর্ধেক এলাকা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। বাকি অংশ পরিষ্কারের কাজ চলছে। দুই পাশে যে জঙ্গল আছে তা পরিষ্কার করা হবে।