মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সঙ্গে থাকা অর্থ ও স্বর্ণালংকার লুটের পর রবীন্দ্র কুমার সিংহ নামের এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।এদিকে চাঁদপুরের শাহরাস্তিতে এক বৃদ্ধাকে হত্যার পর তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করা হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে গত মঙ্গলবার রাতে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালামকে প্রত্যাহার করা হয়েছে। মৌলভীবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রহমত উল্লা কমলগঞ্জ থানার ওসি আবুল কালামের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহারঞ্জন নাথ কমলগঞ্জ থানার নতুন ওসি হিসেবে বৃহস্পতিবার (আজ) যোগ দেবেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামের রবীন্দ্র কুমার মঙ্গলবার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্ত্রীকে নিয়ে রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। গ্রামের কাছাকাছি আসার পর পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে ওই দম্পতির সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে। তাঁদের কাছে থাকা অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাই শেষে দুর্বৃত্তরা রবীন্দ্র কুমারের বুকে গুলি করে পালিয়ে যায়। আহত রবীন্দ্র কুমারকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রবীন্দ্র বাঘাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিচালিত অটোরিকশার চালক মধ্যভাগ গ্রামের তারেভ মিয়ার ছেলে সালাম মিয়া (২৯) ও তাঁর সহকারী একই গ্রামের ফজলু মিয়ার ছেলে ফেলাই মিয়াকে (২৭) আটক করেছে।এদিকে চাঁদপুরের শাহরাস্তিতে জয়গুন বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে হত্যা করে তাঁর সঙ্গে থাকা দেড় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত বৃদ্ধার পরিবার ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটায় জয়গুন বেগম পাশের পুরোনো বাড়ি থেকে নিজের নতুন বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত দুষ্কৃতকারী তাঁর মুখ চেপে ঘাড় মটকে সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে। গুরুতর অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।বৃদ্ধার পুত্রবধূ খালেদা বেগম (৩৫) বলেন, ‘আমরা তাঁর চিৎকারে ছুটে গিয়ে আঙিনার পাশে সুপারির বাগানে তাঁকে পড়ে থাকতে দেখি। মুমূর্ষু অবস্থায় তিনি অজ্ঞাতনামা এক হামলাকারীর বর্ণনা দিয়ে গেছেন।’শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ভূঁইয়া জানান, বৃদ্ধার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর আগে তাঁর দিয়ে যাওয়া বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন হিসেবে পাশের বাড়ির শাহ আলম পাটোয়ারীর ছেলে মো. সোহাগকে আটক করা হয়েছে।